উইকেটরক্ষক উমর আকমলকে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়লে আকমলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড। পিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আকমলের সাথে এই লিগে অংশগ্রহণকারী অন্য পাকিস্তানি ক্রিকেটাররা হলেন অধিনায়ক মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক। বোর্ডের এই কর্মকর্তা বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই উমরের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে সারফারাজ আহমেদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তিনি আরো জানিয়েছেন তারা শুধুমাত্র জানতে পেরেছেন উমর খুব একটা সুস্থ অনুভব করছেন না এবং তাকে চিকিত্সকের পরামর্শ নেয়ার জন্যই দেশে ডাকা হয়েছে। কিন্তু উমরের পারিবারিক সূত্র থেকে জানা গেছে বার্বাডোস দলের সাথে জ্যামাইকায় খেলতে যাবার সময় ফ্লাইটে তিনি হঠাত্ করেই মৃগীরোগে আক্রান্ত হন। একটি সূত্রে জানা গেছে, ফ্লাইটের মধ্যে তিনি মোটেই সুস্থ অনুভব করছিলেন না এবং আকস্মিক অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে জ্যামাইকায় তাকে প্রয়োজনীয় চিকিত্সা দেয়া হয়েছে। ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় পাকিস্তান ইতোমধ্যেই আসন্ন এই সফরে টেস্ট ওপেনার ইমরান ফরহাতকে দলে পাচ্ছে না। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন খেলোয়াড় শান মাসুদকে। কামরান আকমলের ছোট ভাই উমর আকমলকে সমপ্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করে পাকিস্তান বেশ সাফল্য লাভ করেছে। এ কারণেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে তাকে একই দায়িত্ব দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
আজ সোমবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে পাকিস্তান দল দেশ ত্যাগ করবে। -বাসস
