ফতুল্লা পরিদর্শনেও নির্বাচনী হাওয়া!

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:১৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন প্রতিদিনই কোথাও না কোথাও আলোচনা তৈরি করছে। গতকাল যেমন আইসিসি পরিদর্শক দলের ফতুল্লা সফরের সময়ও নাজমুল হাসান পাপনকে কথা বলতে হলো এই নির্বাচন নিয়ে। আর গতকাল আবারও তিনি বললেন, ফোরামের বিপক্ষে এই নির্বাচনকে তিনি একটা লড়াই হিসেবেই দেখছেন। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ভেন্যুর তালিকায় নেই ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়াম। তবে সিলেট ও কক্সবাজারের ভেন্যু জটিলতার বিকল্প এই ভেন্যুকে আলোচনায় নিয়ে এসেছে। গতকাল আইসিসির পরিদর্শক দল এখানে এসে ফতুল্লার সংস্কার কাজের গতি নিয়ে পরিষ্কার সন্তোষ প্রকাশ করে গেছেন। আইসিসির প্রতিনিধি দল সোমবার দীর্ঘক্ষণ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা ড্রেসিংরুম, আউটার গ্রাউন্ড, মূল মাঠ, মিডিয়া রুম, প্রেস বক্স, ফ্লাড লাইট পরীক্ষা করে দেখেন। আইসিসির পক্ষে পরিদর্শক দলে অংশ নেন ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি, টুর্নামেন্ট ডাইরেক্টর ধীরাজ মালহোত্রা, কনসালটেন্ট ভুরেন ইউজিন, পিচ বিশেষজ্ঞ এ্যাট কিন সেন। পরিদর্শক দলের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহাবুব আনাম, লোকমান হোসেন ভূঁইয়া, ডা. ইসমাইল হোসেন মল্লিক, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম প্রমুখ। পরে সাংবাদিকদের বিসিবি চেয়ারম্যান পাপন জানান, বিকল্প ভেন্যু হিসেবে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে রাখা হয়েছিল। কিন্তু আমরা মূল ভেন্যুর প্রস্তাব দিয়েছি। বিষয়টি আইসিসি দেখবে বলে জানিয়েছে। ফতুল্লার উন্নয়ন নিয়ে সন্তুষ্ট পরিদর্শক দলের প্রধান ক্রিস টেটলি। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত যা উন্নয়ন হয়েছে, সেটা বেশ ভালো। এখানে খেলা সম্ভব কি না, তা এখনই আমরা বলতে পারছি না। তবে কাজ ভালো হয়েছে। ছোটখাটো যে সব কাজ বাকি, তা সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।’ এসব আলোচনার মধ্যেই দৃষ্টি কেড়ে নিল বিসিবির নির্বাচন প্রসঙ্গ। প্রসঙ্গটা উঠতে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘গুটি কয়েক ব্যক্তি নির্বাচন বানচালের জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। নির্বাচনের পর ইতোপূর্বে যে সব কর্মকর্তারা দুর্নীতি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের দুর্নীতির চিত্র প্রকাশ করা হবে।’