বিশ্বাস করতে পারছেন না রুবেল

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:১৯
এর আগে একবার নিষিদ্ধ ঘোষিত আইসিএলে যোগ দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। এবার আরেকবার ‘সাময়িক বহিষ্কারাদেশ’ পেতে হল তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হয়ে যাওয়া ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর অপরাধে। আর কথিত এই অপরাধের কলঙ্ক মাথায় নিয়েই গতকাল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা স্থগিত করে দেশে ফিরে আসতে হয়েছে মোশাররফ রুবেলকে। দেশে ফিরে পরিষ্কার করে আবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন মোশাররফ রুবেল। সেই সঙ্গে আরেকবার লড়াই করে এই ফিক্সিং কেলেঙ্কারি থেকে নিরপরাধ হিসেবে বেরিয়ে আসার ব্যাপারে দৃঢ় আশাবাদ শোনালেন জাতীয় দলের এই বাহাতি স্পিনার। জাতীয় দলে মোহাম্মদ রফিকের একসময় উত্তরসূরী মনে করা হত এই রুবেলকে। কিন্তু আইসিএলে গিয়ে নিজের স্বর্ণ সময়টা প্রায় নষ্ট করেই ফেলেছিলেন। তারপরও আবার প্রবল প্রতাপেই ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিলেন রুবেল। গত মৌসুমেই বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ে শতাধিক উইকেট নিয়ে আবার আলোচনায় এসেছিলেন। আশা ছিল, আবার জাতীয় দলে স্থায়ী হবেন। ঠিক এই সময়ে ইংল্যান্ডে মাইনর কাউন্টি খেলতে গিয়ে নিজের বিরুদ্ধে অভিযোগপত্র দেখে হতভম্ব হয়ে গেছেন। এখনও কাটছে না তার সেই বিস্ময়ের ঘোর, ‘আমি দেশে থাকতেই গুঞ্জনটা শুনেছিলাম। তখন পাত্তাই দেইনি। আমি যে ম্যাচে ভালো খেললাম, দলকে জেতানোর চেষ্টা করলাম; সেখানে আমার এরকম অন্যায়ে জড়িত থাকার অভিযোগ আমি গুরুত্ব দেইনি। পরে ইংল্যান্ডে বসে খবরটা শুনে ভয়ানক অবাক হয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।’ রুবেল মনে করেন, তাকে কেউ বা কারা হয়তো এই কাণ্ডে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু কারা কী করেছে, সেটা তিনিও পরিষ্কার না। তবে এটুকু নিশ্চিত করে বললেন যে, লড়াইয়ের অভ্যাস তার আছে। এবার আইনি লড়াই লড়েই নিজেকে পরিষ্কার প্রমাণ করে আবার ফিরে আসবেন।