পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীরের নেতৃত্বে রবিবার তিনটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ এগ্রিক্যালচারাল ইন্ড্রাষ্ট্রিজ (ফরমুলেশন প্লান্ট), প্লট নং -বি-৫-৬, এম-৩, বিসিক শিল্প নগরী, মানিকগঞ্জ কারখানার ইটিপি বন্ধ রেখে কারখানা পরিচালনার দায়ে ৩ লাখ টাকা ও করবেল ইন্টারন্যাশনাল, প্লট নং-১৫, ব্লক-বি, বিসিক শিল্প নগরী, মানিকগঞ্জ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা পরিচালনা করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, উপরের দুটি কারখানা বিদেশ হতে কীটনাশক আমদানি করে তা প্যাকেজজাত করে বাজারজাত করছে। কীটনাশক মাটি এবং পানিতে বিদ্যমান জীব এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এছাড়াও, মেসার্স মা বাবার দোয়া স মিল, কোকরহাটি, বলরা, হরিরামপুর, মানিকগঞ্জ আবাসিক এলাকায় স মিল স্থাপন করার দায়ে ২ লাখ জরিমানা করা হয়।
শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।-প্রেস বিজ্ঞপ্তি
