মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থা।
সংগঠন হিসেবে অপরাধ বিচারে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তদন্তের বিষয়টি নথিভুক্ত করে এ তদন্ত শুরু করা হয়। তদন্ত সংস্থার সদস্য অতিরিক্ত এসপি মতিউর রহমানকে এ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
মতিউর রহমান গতকাল বলেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ সংগঠনের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট, তথ্য সংগ্রহ করা হবে। দলটির অর্গানোগ্রামসহ অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হবে।
তদন্ত কর্মকর্তা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেয়া বিভিন্ন রায়ে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা বিষয়ে উল্লেখ করা হয়েছে।
মতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযমের মামলা বিচারে সাক্ষ্য হিসেবে বিভিন্ন ডকুমেন্ট পেশ করা হয়েছিল। জামায়াতে ইসলামীর বিষয়েও তদন্তে ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার মামলায় রায় হয়েছে। দলটির আরো অনেকের বিরুদ্ধে বিচার চলছে। গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনাল-১এ দেয়া রায়েও জামায়াতে ইসলামীসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনকে সন্ত্রাসী, মানবতাবিরোধী অপরাধে জড়িত দল হিসেবে উল্লেখ করা হয়েছে।
