‘নিজামীর নির্দেশে চালানো হয় হত্যাকাণ্ড ও লুটপাট’

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:২১
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী মো. জানে আলম। সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর নিজামীর নির্দেশে সাঁথিয়া থানার রাজাকার আলবদরের কমান্ডার রফিকুন্নবীর নেতৃত্বে বেড়ার বৃশালিখা গ্রামে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এতে আমার গ্রাম্য বন্ধু সোহরাবসহ কয়েকজন নিহত হয়। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এদিকে জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানের বিরুদ্ধে আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তদন্তের স্বার্থে সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য সেফ হোমে নেয়ার আবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ২২ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে।