মহাখালীতে ব্যবসায়ী খুনের ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:২২
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভাঙ্গারি ব্যবসায়ী রফিকুল ইসলাম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত শিমুল ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একজন ভাড়াটে কিলার। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, গত ৮ আগষ্ট সন্ধ্যায় মহাখালী সাততলা বস্তিতে সন্ত্রাসীদের গুলিতে ভাঙ্গারি ব্যবসায়ী রফিকুল খুন হন। র্যাব ঘটনাটি তদন্ত করে দেখতে পায় যে বস্তির চাঁদাবাজিকে কেন্দ্র করে রফিকুল ইসলামকে ভাড়াটে কিলার শিমুলকে দিয়ে খুন করা হয়েছে। সোমবার সকালে শিমুল গাবতলী বাস টার্মিনাল থেকে ঢাকার বাইরে পালিয়ে যাবে এমন খবর পেয়ে র্যাবের একটি টিম টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।