চেলসিতে প্রথমবারের মতো এসে হোসে মরিনহোর ছোট্ট একটা কৌশলগত পরিবর্তন তখন চমকে দিয়েছিল অনেককেই। ক্লদ ম্যাকলেলেকে পেছনে রেখে মাঝমাঠে সুগঠিত এক ত্রিভূজ তৈরি করে খেলার সেই কৌশল কাজেও দিয়েছিল। এর প্রায় নয় বছর বাদে গত রবিবার রাতে জনাকীর্ণ স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটির বিরুদ্ধে ব্লুজদের হয়ে নিজের দ্বিতীয় অধ্যায়ে মরিনহো মাঠে নামলেন নতুন এক কৌশল নিয়ে। তবে ফলাফল হলো একই। ফলে ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে ইংলিশ লিগে প্রত্যাবর্তনটা স্মরণীয়ই করে রাখলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’।
মরিনহোর নতুন কৌশলটা আগের কৌশলের ঠিক বিপরীত। জমাট করার বদলে নতুন কৌশলে এই পর্তুগীজের ইচ্ছা মাঝমাঠকে আরো বেশি জায়গা করে দেয়া। অনেক বেশি ছন্দময় এবং গতিশীল করে তোলা। রামিরেজ আর ফ্রাঙ্ক ল্যামার্ডের মাধ্যমে সেই কৌশলের সফল বাস্তবায়নই দেখলো স্টামফোর্ড ব্রিজের দর্শকরা। প্রকৃতিগতভাবেই দারুণ গতিশীল এই দুই মিডফিল্ডার বার বার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলেন। মাঠের দুই প্রান্ত থেকেই বারবার আক্রমণ রচনা করে ব্যতিব্যস্ত রাখলেন সফরকারিদের রক্ষণকে। আর তাদের ঠিক সামনে থেকে মাঝমাঠ ত্রিভূজ পূর্ণ করা অস্কারের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। বল পায়ে তো বটে, অস্কারের বুদ্ধিদীপ্ত অফ দ্য বল মুভমেন্টও দারুণ প্রসংশা কুড়িয়েছে সমালোচকদের চোখে।
মূল খেলোয়াড়দের এমন দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে চেলসি, যদিও জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো। ম্যাচের শুরুতেই গোলের সহজ একটা সুযোগ হাতছাড়া করেন ল্যাম্পার্ড। ফার্নান্দো তোরেসকে হাল সিটি গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর ফেলে দিলে পেনাল্টি পায় চেলসি। তবে ল্যাম্পার্ডের নেয়া শটটি দুর্দান্তভাবে ফিরিয়ে দিয়ে চেলসিকে গোল বঞ্চিত করেন ম্যাকগ্রেগর।
তবে ম্যাচের ১৩ মিনিটে অস্কারের গোলে এগিয়ে যায় চেলসিই। মরিনহোর প্রত্যাবর্তন পোস্টারে ছেঁয়ে থাকা স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে ম্যাকগ্রেগরের পায়ের নিচ থেকে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান। এর মিনিট দশেক বাদে অসাধারণ এক গোল করে পাপের প্রায়শ্চিত্ত করেন ল্যাম্পার্ড। দূর থেকে নেয়া এক ফ্রিকিক জালে জড়িয়ে গোলবন্যারই ইঙ্গিত দেন এই মিডফিল্ডার।
এরপর প্রথমার্ধের শেষ দিকে ল্যাম্পার্ডের আরেকটি প্রচেষ্টা রুখে দেন ম্যাকগ্রেগর। আর ইভানোভিচের হেডটি ফেরে গোল লাইন থেকে। ফলে ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
এদিকে দিনের অন্য ম্যাচে এ মৌসুমেই দলে আসা রবার্তো সালদাদোর প্রথম গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে গ্যারেথ বেল বিহীন টটেনহ্যাম হটস্পারস।
