তবুও মারেকেই ফেভারিট মানছেন নাদাল

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:২৭
দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদালের ঝুলিতে যুক্ত হলো আরো একটি শিরোপা। সিনসিনাটি ওপেনের ফাইনালে গত রোববার রাতে জন ইসনারকে হারিয়ে বছরের নবম শিরোপা তুলে নেয়ার পাশাপাশি অ্যান্ডি মারেকে সরিয়ে র্যাঙ্কিংয়েও দুই নম্বরে চলে এসেছেন নাদাল। তবে তারপরও আসন্ন ইউএস ওপেনে মারেকেই ফেভারিট মানছেন এই স্প্যানিয়ার্ড। মারেকে সরিয়ে দুই নম্বরে উঠে এসেছেন বলেই হয়তো টুর্নামেন্ট শেষে নাদালকে এই স্কটের বিষয়ে বেশ কিছু প্রশ্ন শুনতে হলো। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাক্কালে টুর্নামেন্টের শিরোপাধারী মারের প্রতি পরামর্শ কি হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রথমে একচোট রসিকতাই করলেন নাদাল, ‘আমি তাকে বলবো জিতো না।’ পরক্ষণেই অবশ্য সিরিয়াস হয়ে বললেন, ‘অ্যান্ডি দারুণ একটা মানুষ এবং খেলোয়াড় হিসেবেও দুর্দান্ত। সত্যি বলতে কি, তার কোন উপদেশের প্রয়োজন নেই। আমি মনে মনে করি না যে, আপনি কোন টুর্নামেন্টের শিরোপাধারী বলেই সেই টুর্নামেন্টে বাড়তি কোন সুবিধা পাবেন। এটা আসলে বড় কোন পার্থক্য গড়ে দিতে পারে না। তবে আপনি যখন একটি শিরোপা জিতবেন তখন দ্বিতীয়বার এটা জেতা কিছুটা সহজ বলেই মনে হবে। এক্ষেত্রে আপনার মনে যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে, যেহেতু আমি একবার জিতেছি সুতরাং আরেকবার জেতার সামর্থ্য আমার আছে।’ এদিকে মারেকে এগিয়ে রাখলেও প্রথমবারের মতো সিনসিনাটি ওপেন জয় যে তাকে ইউএস ওপেনে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে নাদাল স্বীকার করেছেন সেটিও। ইনজুরি কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর ১১টি ফাইনাল খেলে তার মধ্যে নয়টিতেই জিতলেন এই ২৭ বছর বয়সী। আর এ জয়ের ফলে অ্যান্ডি রডিকের পর প্রথম খেলোয়াড় হিসেবে মন্ট্রিল-সিনসিনাটি-ইউএস ওপেন ট্রেবল জয়ের বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। হার্ডকোর্টে টানা চতুর্দশ জয়ের পাশাপাশি সব মিলিয়ে ৫৬ ম্যাচে এটি তার ৫৩তম জয়। তবে ৭-৬, ৭-৩ গেমের এই জয়ের পরও কোর্টের বাইরে বরাবরের মতোই দারুণ বিনয়ী নাদাল, ‘দুঃখজনকভাবে সিনসিনাটিতে এর আগে আমার পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। তাই এবারের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। জনের বিরুদ্ধে আমি খুব বেশী সুযোগ পাইনি। আমাকে ধৈর্য ধরতে হয়েছে। ইউএস ওপেনের মাত্র সপ্তাহখানেক বাকি। এই মুহূর্তে এই জয়টা নিউইয়র্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ এদিকে নাদালের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন ইসনারও। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও সেটা নাদালকে হারানোর জন্য যথেষ্ট ছিল না বলে স্বীকার করছেন এই আমেরিকান। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমি যথেষ্টই ভালো খেলেছি। তবে দুঃখজনকভাবে আমার প্রতিপক্ষ ছিলেন সর্বকালের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমি এখানে তিনজন খেলোয়াড়কে হারিয়েছি যারা কিনা শীর্ষ দশের মধ্যে আছেন। তবে চার নম্বরকে হারানোর জন্য আমি যথেষ্ট ছিলাম না। সে (নাদাল) সত্যিকারের এক চ্যাম্পিয়ন।’