প্রিয় মুখ

তুলতুলের পথচলা

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ১৯:৩১
শাম্মী শিল্পী তুলতুল। প্রতিভাদিপ্ত এক তরুণীর নাম। সাহিত্যর নানা মাধ্যমে লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নিজের অবস্থান পাকা করেছেন। বাবা আবু মোহাম্মদ খালেদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বর্তমানে একজন সমাজ সেবক, সংগঠক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা কাজী রওশন আখতার দেশের স্বাধীনতা পরবর্তী প্রগতিশীল ছাত্র সংগঠনের সক্রিয় এক নেত্রী ছিলেন। তুলতুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও নজরুল অনুরাগী আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টারের নাতনী। নানী কাজী লতিফা হক বিখ্যাত বেগম পত্রিকার নাম করা লেখিকা ছিলেন। লেখালেখির জন্য তিনি সাপ্তাহিক একটি পত্রিকা থেকে ২০১১ সালে চট্টগ্রামে তরুণ সাহিত্য পুরস্কার পান। ২০১৩ সালে ঢাকা বই মেলায় তুলতুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ বের হয়। তুলতুল লেখালেখির পাশাপাশি ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স করছেন। তিনি বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান গ্রন্থনা করে থাকেন। তুলতুলের ভালো লাগে তার কলেজ ক্যাম্পাস এবং তার বন্ধুদের সাথে আড্ডা। তার প্রিয় মানুষদের মধ্যে অন্যতম হল তার কলেজ শিক্ষক ও শিক্ষিকারা। তুলতুল মনে করেন নিজের উপর আত্মবিশ্বাস থাকা এবং নিজের পরামর্শ নিজেকে গ্রহণ করা জরুরি। তুলতুল বর্তমানে উপন্যাস লেখা নিয়ে ব্যস্ত। আগামী বই মেলায় তা প্রকাশ পাবে।