সাউথ এশিয়ান চলচ্চিত্র উত্সবে একাত্তর টেলিভিশনের দুটি প্রামাণ্যচিত্র

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫৩
আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ‘ফিল্ম সাউথ এশিয়া ২০১৩’তে নির্বাচিত হলো একাত্তর টেলিভিশনের দু’টি প্রামাণ্য ছবি ‘বিষকাব্য’ ও ‘হরতালনামা’। এশিয়ার অন্যতম এ চলচ্চিত্র উত্সব প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে নেপালের কাঠমণ্ডুতে। ৩ ও ৬ অক্টোবর অনুষ্ঠেয় এই উত্সবে ৩৮২টি ছবির মধ্য থেকে মাত্র ৩৫টি ছবি নির্বাচন করা হয়েছে। শবনম ফেরদৌসী পরিচালিত ২৩ মিনিটের ছবি ‘বিষকাব্য’ আবর্তিত হয়েছে ঢাকা শহরের ইঁদুর-তেলাপোকার বিষবিক্রেতাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে। এ শহরের দরিদ্র্র মানুষের সাথে ইঁদুর-তেলাপোকার পার্থক্য যে খুবই ক্ষীণ তাই এ ছবির মূলকথা। রাজনৈতিক অধিকারের নামে বাংলাদেশে হরতাল আহ্বানের মাধ্যমে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়, তাই নিয়ে ফরিদ আহমদ নির্মাণ করেছেন ‘হরতালনামা’। স্যাটায়ারভিত্তিক এ ছবিতে তুলে ধরা হয়েছে হরতালের নানা চিত্র।