আজ থেকে এনটিভিতে ‘নীল রঙের গল্প’

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫৪
গুণী নির্মাতা কৌশিক শংকর দাস ও সাংবাদিক-নাট্যকার জাকারিয়া সৌখিনের ভেতরে শখ্যতা দীর্ঘদিনের। তারা দুজনে জুটি বেঁধে এর আগে বেশ কটি সিঙ্গেল নাটক নির্মাণ করলেও এবারই প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। আজ থেকে এনটিভিতে এই তারকাবহুল নাটকের প্রচার শুরু হবে। ধারাবাহিকটির নাম ‘নীল রঙের গল্প’। ধারাবাহিক নাটক লেখা প্রসঙ্গে নাট্যকার সৌখিন বলেন, ‘এক ঘণ্টার নাটকে খুব একটা টেনশন থাকে না। কারণ ওটা ওয়ান ডে ম্যাচের মতো। কিন্তু ধারাবাহিক নাটকে দর্শকদের দীর্ঘদিন ধরে রাখার একটা প্রচেষ্টা থাকে। তাই এর টেনশনটাও অনেক। তাই আমরা দুজনই মূলত ‘নীল রঙের স্বপ্ন’-এর প্লট নিয়ে ভেবেছি। আশা করি নাটকটি সব ধরনের দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, নাদিয়া আহমেদ, নিলয়, নওরীন হাসান জেনিম, মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, মানস বন্দোপাধ্যায়, কায়েস চৌধুরী, শিরীন বকুল, কাজী উজ্জ্বল, হাসান আজাদ, নামিরা আহমেদ, মুনিয়া ইসলাম, সেতু, সুমন প্রমুখ।