বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল প্রস্তাব অনুযায়ী মেয়েদের ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা কক্সবাজারে। এই সৈকত-নগরীতে শেষ পর্যন্ত সাময়িক স্টেডিয়াম অনুমতি পাবে কি না, তা দেখতেই গতকাল এখানে এসেছিলেন আইসিসির বিশেষ পরিদর্শক দল। পরিদর্শন শেষে তারা আশাবাদই শুনিয়ে গেছেন। বলেছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ হলেই কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে। আইসিসি প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজারে এসে ভেন্যু পরিদর্শনে যান। এসময় তারা মাটি ভরাট ও পিচ তৈরির কাজসহ সার্বিক কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কাজের অগ্রগতির উপর সন্তোষ প্রকাশ করে আশা করেন, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের মেয়েদের আসর কক্সবাজারে নির্মিতব্য ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি, টুর্নামেন্ট ডাইরেক্টর ধীরাজ মালহোত্রা, কনসালটেন্ট ভুরেন ইউজিন, পিচ বিশেষজ্ঞ এ্যাট কিন সেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহমুদ আনমসহ বিসিবি কর্মকর্তারাও ছিলেন।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় পরিদর্শন কাজ শেষে আইসিসি’র ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কক্সবাজারের এই ভেন্যুর প্রতি আইসিসি আন্তরিক। যথাসময়ে কাজ শেষ হলে কক্সবাজারে ভেন্যু হবে। যে গতিতে কাজ চলছে এতে কাজ যথা সময়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আজম নাছির উদ্দিন জানান, ‘বৃষ্টির কারণে কাজে একটু ব্যাঘাত ঘটলেও ভেন্যু তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমরা আশাবাদী অবশ্যই যথাসময়ে এ ভেন্যুর কাজ শেষ করতে পারব।’ মেয়েদের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে কক্সবাজারে দ্রুতগতিতে এগিয়ে চলছে ভেন্যু নির্মাণের কাজ। প্রধানমন্ত্রীর দফতর থেকে লিখিত অনুমোদন পাওয়ার পর কক্সবাজারে পর্যটনের গল্ফ মাঠে অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে।
