ম্যান সিটির দুরন্ত জয়ে সন্তুষ্ট কোচ পেলিগ্রিনি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২১:৫৯
খেলোয়াড়রা তার প্রত্যাশা পূরণ করে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম খেলাতেই নিউ ক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় ম্যানচেষ্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি আনন্দিত। ম্যানচেষ্টার সিটি ৪-০ গোলের ব্যবধানে গত সোমবার রাতে দশজনের দলে পরিণত হওয়া নিউক্যাসলের বিরুদ্ধে জয়ী হয়। স্ট্রাইকার সের্জিও অ্যাগুয়েরোকে প্রথমার্ধের শেষ দিকে মাথায় আঘাত করার কারণে বিপক্ষের স্টিভেন টেলর বহিষ্কৃত হন। এ বহিষ্কার সিটির জয়ে অবদান রাখলেও কোচ পেলিগ্রিনি তার শিষ্যদের খেলার ধরন নিয়ে আনন্দিত। এ ব্যাপারে চিলির এই কোচ বলেন,‘সবসময়েই জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। তবে এরপরই দেখার বিষয় হয়ে দাঁড়ায় কিভাবে আমরা এটা করে দেখালাম। এটা ছিল খুবই ভাল একটা সূচনা। দল যে ভাল খেলবে এ নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কারণ প্রাক মৌসুমে আমরা খুবই পরিশ্রম করেছিলাম। আমরা আরেকটা ধরনে ফুটবল খেলার চেষ্টা করছি এবং হয়তো এর সুবাদে আমরা প্রতি সপ্তাহেই উন্নতি করতে থাকবো। তবে এই প্রথম আমরা খুবই ভাল করলাম।’ সিটি ২০১১/১২ মৌসুমে ইংলিশ লিগের শিরোপা জিতলেও, গত বছর রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ফলে রবার্তো মানচিনিকে বিদায় করে দিয়ে কোচ হিসেবে দায়িত্ব পান পে¬লিগ্রিনি। নিজেদের মাঠে প্রথম খেলাতেই গেল মৌসুমের ১৬তম হওয়া নিউক্যাসলের বিরুদ্ধে ষষ্ঠ মিনিটেই প্রথম গোল পায় স্বাগতিকরা। ডেভিড সিলভা হেডে গোলটি করেন। স্পেনের এই মিডফিল্ডারের লক্ষ্যভেদের পর দ্বিতীয় গোলের জন্য ২২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যান সিটিকে। অ্যাগুয়েরো দ্বিতীয় গোলটি করেন। বিরতির পর অপর দুটি গোল করেন ইয়াইয়া তোরে ও সমির নাসরি। বসনিয়ার হার্জেগোভিনার ফরোয়ার্ড এডিন ডেকোর সহায়তায় ডান পায়ের তীব্র শটে বলকে নিউক্যাসেলের জালে পাঠান আর্জেন্টাইন সার্জিয়ো আগুয়েরো। ফলে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেষ্টার সিটি। এরপর প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল আদায় করে নেয় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর ৫ মিনিট পরই গোলের আনন্দে নেচে উঠে ম্যানচেষ্টার সিটি। ফ্রি-কিক থেকে পাওয়া বল নিউক্যাসলের জালে স্পর্শ দেন আইভরি কোষ্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে। ইংলিশ প্রিমিয়ার লিগের গেলবারের রানার্স আপদের জন্য অবশ্য খারাপ খবরও আছে। এই ম্যাচে কুচকির ইনজুরিতে পড়ে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি মাঠ ছাড়তে বাধ্য হন। পেলিগ্রিনি এ ব্যাপারে বলেন,‘তার ঠিক কি হয়েছে আমি তা বলতে পারবো না। আগামীকাল (আজ) ডাক্তার জানাবে। তবে আমি মনে করি এটা গুরুতর ইনজুরি। হয়তো সে এক দুই সপ্তাহ খেলতে পারবে না।’ সিটির পরের খেলায় ২৫ আগস্ট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কার্ডিফ সিটির মুখোমুখি হবে। নিউক্যাসলের জন্য এটা হলো মৌসুমের সবচাইতে বাজে সূচনা। ম্যাগপাই কোচ অ্যালান পারড্র বলেন,‘স্টিভেনের জন্য এটা হলো চরিত্রের সাথে বেমানান একটা কাজ এবং সে ক্ষমা চেয়েছে।’