জোকোভিচ-সেরেনা শীর্ষে

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০১
নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের পুরুষ এবং মহিলা এককের শীর্ষ বাছাই হয়েছেন। গতকাল মঙ্গলবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামটির ড্র শেষে সবার উপরে ঠাই পান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাদ্বয়। প্রায় ৫০ কোটি ডলারের অর্থায়নে অনেকটাই নতুন রূপ পেতে যাওয়া ফ্লাশিং মিডোতে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে হার্ডকোর্ট টেনিসের রাজসূয়া আসরটির লড়াই। উইম্বলডনের মতো জটিল কোন পদ্ধতি অনুসরণ নয়, বরং ইউএস ওপেনের বাছাই তালিকা নির্ধারিত হয় অনেকটাই এটিপি এবং ডব্লিউটিএ’র র্যাঙ্কিং অনুসরণে। গত সোমবার পুরুষ এবং মহিলা টেনিসের দুই সর্বোচ্চ সংস্থা সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশের পর সে অনুসারেই বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। পুরুষ এককের এক নম্বর তারকা জোকোভিচ তাই ২০১১ সালের মতোই পেয়েছেন শীর্ষ বাছাইয়ের মর্যাদা। মন্ট্রিল এবং সিনসিনাটিতে সর্বশেষ দুটি হার্ডকোর্ট টুর্নামেন্টে জিতে জোকোভিচের পরের স্থানটি দখল করেছেন রাফায়েল নাদাল। আর টুর্নামেন্টের শিরোপাধারি অ্যান্ডি মারে আছেন তৃতীয় স্থানে। তবে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন স্থান পেয়েছেন রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তবে এরপরও দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন এই সুইস। জিমি কনর্স এবং ইভান লেন্ডলের পর টানা সবচেয়ে বেশি সময় ধরে বাছাই তালিকায় স্থান পাওয়া খেলোয়াড়দের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন ফেদেরার। অন্যদিকে মহিলা এককে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন স্বাগতিক দেশের সেরেনা। দ্বিতীয় স্থানে আছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। রুশ গ্ল্যামার কুইন মারিয়া শারাপোভার অবস্থান তিন নম্বরে। এদিকে দৃষ্টিনন্দন সংকোচনক্ষম ছাদ, উন্নত গাড়ি চলাচল ব্যবস্থা আর খেলোয়াড়-দর্শকদের জন্য আরও আরামদায়ক উপভোগের ব্যবস্থা নিয়ে বিলি জিন কিং স্টেডিয়াম সাজছে নতুন রূপে। সম্পূর্ণভাবে আমেরিকান টেনিস অ্যাসোসিয়েশনের (ইউএসটিএ) অর্থায়নে করা এই সংস্কার কাজ শেষে নতুন ফ্ল্যাশিং মিডো আগের চেয়ে বহুগুণে সবার মনোরঞ্জন করতে পারবে বলে মনে করছেন সংস্থার সভাপতি ডেভ হ্যাগার্টি। টুর্নামেন্টের ১৩৩তম আসরের প্রাক্কালে তিনি বলেন, ‘এটা আসলে এমন একটি ব্যাপার যা কিনা সমগ্র নিউইয়র্কের শক্তিমত্তা আর উত্তেজনাকে প্রতিফলিত করবে। কোন সন্দেহ নেই এই রূপান্তর খেলোয়াড় এবং সমর্থকদের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দেবে।’