ক্রুইফের ‘পরিবার’ নাটকের সমাপ্তি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০২
জাতীয় ফুটবল দলের কোচ লুডভিক ডি ক্রুইফের পরিবার ঢাকায় আনার ব্যাপারটি শেষ পর্যন্ত নাটকে পরিণত হয়েছে। এবার শোনা গেলো ডাচ কোচটির পরিবার নাকি ঢাকায় আসবেন না। তিনি নিজেই তার পরিবারকে আনতে চাইছেন না। যদি তাই হয় তাহলে সংশ্লিষ্টরা জানতে চান পরিবারকে ঢাকায় আনা নিয়ে কেন এতো নাটক করছেন তিনি? পরিবার না আসায় ক্রুইফের সমস্যা হচ্ছিল। পারিবারিক সান্নিধ্য পাচ্ছিলেন না ইউরোপীয় এই কোচ। তিন সন্তানসহ স্ত্রীকে ঢাকায় আনতে আটদিনের জন্য থাইল্যান্ড থেকে নেদারল্যান্ড চলে গিয়েছিলেন ক্রুইফ। তিনি এমন এক সময় দেশে গিয়েছিলেন যখন জাতীয় দলের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ অনুশীলন চলছিল। খেলোয়াড়রা পুরোপুরি মনোনিবেশ করেছিলেন অনুশীলনে। সেই সময়টায় সহকারী কোচ রেনে কেস্তারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উড়াল দেন তিনি। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও ক্রুইফকে বুঝিয়েছিলেন, ‘নিজে না গিয়ে পরিবারকে চলে আসতে বলো।’ শোনা যায় ক্রুইফ নাকি বলেছিলেন তার মেয়েরা আসতে পারবে না। শেষ পর্যন্ত ক্রুইফ ঢাকায় ফিরলেও সাথে আসেনি তার পরিবার। এই নিয়ে সমালোচনা হলে দিন কয়েক আগে ক্রুইফ জাতীয় দলের অনুশীলনের পর সংবাদ মাধ্যমকে জানালেন তিনি দেশে গিয়ে ঢাকায় যোগাযোগ করে জানতে পারেন যে পরিবারকে রাখার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়নি। তাই তাদের ছাড়াই ঢাকায় ফিরেছেন তিনি। এদিকে বাফুফে আবাসনের ব্যবস্থা করলেও গতকাল শোনা গেল ক্রুইফ তার পরিবারকে আনছেন না। তবে রেনের পরিবার আসবেন বৃহস্পতিবার। ক্রুইফের পরিবারকে ঢাকায় আনার জন্য জাতীয় দলের অনুশীলন থেকে গুরুত্বপূর্ণ আটটি দিন হারিয়ে যায়। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্রুইফ বলেছেন তার পরিবার আসছে না। রেনের স্ত্রী ও এক সন্তান ২২ আগস্ট ঢাকায় আসবেন। এটাই জানি। ক্রুইফের পরিবার না আসায় চারটি টিকিটের টাকা বেঁচে গেল।’