তত্ত্বাবধায়কের নামে দুর্নীতির মুখোশ উন্মোচনের সময় এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:১১
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলে যারা নিজেদের শাসন ও ব্যক্তিগত স্বার্থে দুই বছর ক্ষমতায় ছিলেন, এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে। এটা রাষ্ট্রের সবচেয়ে বড় দূর্নীতি ছাড়া কিছুই না। এখন সময় এসেছে এদের বিরুদ্ধে কথা বলার, এদের মুখোশ উন্মোচন করার। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পুলিশের বর্তমান সেবায় জনতুষ্টি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি’র কমিশনার বেনজীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কে এম সা’দ উদ্দিনের সভাপতিত্বে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনার জাস্টিস প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। প্রতিবেদনে বলা হয়, ৬১৭ জনের মধ্যে ৮২ শতাংশ মতামত দেয়া ব্যক্তি পুলিশি সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। ৫৪ দশমিক ৫ শতাংশ মানুষ বলেছেন, পুলিশের সেবা নেয়ার জন্য তাদের কোনো ঘুষ দিতে হয়নি।