বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার দ্রুত বিচার মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। মঙ্গলবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বিএনপি যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করা হয়। তবে, মামলার অন্যতম আসামি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাহিদ, দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শাহজাহান খান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আদালতে হাজির ছিলেন।
ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের সময় আবেদন মঞ্জুর করেন ও এ সংক্রান্ত শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
গত ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মাহবুবুল হাসান বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্তরা সবাই জামিনে আছেন। গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উল্লেখিত নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।
