চকলেট থেকে এলার্জি

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:১৩
প্রিয় চকলেট থেকে এলার্জি হতে পারে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর কানাডিয়ান ফুড ইনসপেকশন এজেন্সী সেদেশের দুধ ও বাদামের সংমিশ্রণে তৈরি এক ধরনের চকলেট বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এই চকলেটটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের একটি রাষ্ট্র থেকে আমদানিকৃত। কানাডার অন্টারিও, কিউবেক ও বৃটিশ কলম্বিয়াসহ অন্যান্য প্রভিন্স থেকে এ চকলেট বিক্রয় করা হচ্ছে। তবে ত্বকে এলার্জি ছাড়া অন্যকোন গুরুতর স্বাস্থ্য সমস্যার খবর পাননি খাদ্য পরিদর্শন কর্মকর্তাগণ। উল্লেখ্য বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ চকলেট আমদানি করা হয় এবং এ দেশেও তৈরি হচ্ছে নানা ধরনের চকলেট। এসব চকলেট শিশুদেরই বেশি পছন্দ। দেশে তৈরি এবং আমদানিকৃত বিভিন্ন চকলেট শিশুসহ অন্যদের স্বাস্থ্যের জন্য উপযোগী কিনা তা অনুসন্ধান করে দেখা দরকার। কারণ চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বারে অনেক শিশু এলার্জির সমস্যা নিয়ে আসে তাদের এলার্জির কোন কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়া যাদের এলার্জি আছে তাদের চকলেট, টিনজাত খাবার, কোমল পানীয় ও কৃত্রিম কোন খাবার আহার করা উচিত নয়।