রাজধানীর সূত্রাপুরে দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর এলিন হোসেন রানা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে জুরাইনের মিষ্টি গলির ১৮১৫ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানার এসআই মহিদুল রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের কোমরে ৪/৫টি গুরুতর জখমের চিহ্ন রয়েছে। গলায় কালো দাগ ছিল। তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা ও পরে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হতে পারে। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরিবারের বরাত দিয়ে ঐ পুলিশ কর্মকর্তা জানান, দু’সপ্তাহ আগে রানাকে কে বা কারা সূত্রাপুর থেকে মাইক্রোবাস করে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রানার বিরুদ্ধে কদমতলী থানায় ৮/৯টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়েছেন।
