পরিবেশ দূষণের দায়ে দুই কারখানাকে জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:১৮
পরিবেশ দূষণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। মঙ্গলবার দুইটি ডাইং কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি গ্রহণ শেষে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন হাজির বাজার এলাকায় অবস্থিত শাবাব ফেব্রিক্স লিঃ ও এফ এম ইয়ার্ন ডাইং লিঃ নামক ডাইং কারখানা। কারখানা হতে সৃষ্ট তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণে দেখা যায়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রার বাইরে থাকার কারণে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করা হয়েছে।