জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রবিবার নাট্যজন অধ্যাপক ড. সেলিম আল দীনের ৬৪তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় সেলিম আল দীনের সমাধিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে পুরাতন কলা ও মানবিকী অনুষদে সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুত্ফর রহমান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, প্রো-ভিসি(প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, রেজিস্টার আবু বকর সিদ্দিক, শিক্ষক, অফিসার, কর্মচারি, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেলিম আল দীনের সমাধিতে অন্যদের মধ্যে আরও শ্রদ্ধা জানান নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীনের পত্নী বেগমজাদী মেহেরুন নেসা প্রমুখ। পরে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
