অ্যালবাম

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ১৯:৪৭
ঝড় ঈদ উপলক্ষে ‘ঝড়’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করেছে রক ব্যান্ড স্কুল অব নিলয়। স্কুল অব নিলয় গড়ে উঠেছে নিলয়কে ঘিরে। ব্যান্ডের অন্যান্য সদস্য হচ্ছেন মুস্তাফিজুর রহমান খান বাপ্পি, নাদিম আহমেদ, ইসফান্দর আহমেদ এবং অতিথি গিটারিস্ট জয়নুল আবেদিন জয়। নতুন অ্যালবাম নিয়ে নিলয় জানান, অ্যালবামের কাজ প্রায় শেষ। প্রকাশের সব প্রস্তুতিও সম্পূর্ণ। ‘ঝড়’ নামে অ্যালবামটিতে গানের সংখ্যা ৮টি। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ। ব্যান্ডটির নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ডি-রকস্টার ও সাউথ এশিয়ান সুপারস্টারখ্যাত কণ্ঠশিল্পী আহমেদ নিলয়ের নাম। মোবাইল ফোন অপারেটর ব্র্যান্ড ডিজুস আয়োজিত রকস্টার খোঁজার প্রতিযোগিতায় ২০০৫ সালের আসরে প্রথম হন তিনি। তিনি ভারতের কলকাতায় আয়োজিত সাউথ এশিয়ান সুপারস্টার প্রতিযোগিতায় ২০০৮ সালের একজন সফল অংশগ্রহণকারীও বটে। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি ২০১২ সালে সেলফ টাইটেলড অ্যালবাম প্রকাশ করেছিল। ভালোবাসতে মন লাগে রোজমেরী এক্সক্লুসিভ বাজারে নিয়ে এসেছে কালাম কায়সার পরিচালিত পদ্মকানন কথাচিত্র প্রযোজিত ভিন্নধারার বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসতে মন লাগে’-এর অডিও অ্যালবাম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন এবং এই চলচ্চিত্রে অভিষেক ঘটছে হূদয় চৌধুরী এবং নির্জনার। মোট ১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। সংগীতশিল্পী ন্যান্সি ও রুপমের গাওয়া এর টাইটেল সং ‘ভালোবাসতে মন লাগে’ ইতোমধ্যেই বাজারে জনপ্রিয়তা পেয়েছে। বাকি গানগুলো হচ্ছে—‘কেনো জানি মনে হয়’, ‘চঞ্চলা এই মন আমার’, ‘সালাম সালাম’, ‘ধুম ধারাক্কা নাচো গাও’, ‘তোমার চোখ দেখিলে’, ‘আঁচলে বান্ধিয়া’, ‘মনের ঘরে মন বসাইয়া’, ‘কি জানি কি করিলা’, ‘ও দরদী বন্ধুরে’, ‘তোমার চোখে’, ‘আবার যদি’। গানগুলো গেয়েছেন যথাক্রমে মমতাজ, কোনাল, বেবী নাজনীন, ফিরোজ প্লাবন, কমল ও স্বীকৃতি, এ্যান্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন, মনির খান, ফেরদৌস আরা, সোনিয়া কমল সামিনা চৌধুরী, এস আই টুটুল ও কনকচাঁপা। তারকাবহুল এই এ্যালবামের গানগুলো লিখেছেন ডালিম ও ফিরোজ প্লাবন। রেডিও পার্টনার ছিলো ঢাকা এফএম ৯০.৪।