জুলাইয়ে রাজস্ব আদায় বেড়েছে ১০ শতাংশ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২০:১৭
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে রাজস্বের মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন করা যায় নি। আলোচ্য সময়ে মোট ৭ হাজার ৪৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এখনো শুল্কের মাসভিত্তিক লক্ষ্যমাত্রা চূড়ান্ত হয় নি। তবে এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম মাসে এনবিআরের কৌশলগত লক্ষ্যমাত্রা কমপক্ষে সাড়ে সাত হাজার কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৫০০ কোটি টাকা আদায় কম হয়েছে। গত ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৩৮৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় ভ্যাট খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭৯০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ হাজার ২৬২ কোটি টাকা। চলতি অর্থবছরে ভ্যাট আদায়ের ল্যমাত্রা হচ্ছে ৪৯ হাজার ৯৫৬ কোটি টাকা। যা মোট আয়ের ৩৬.৭ শতাংশ। গত ২০১২-১৩ অর্থবছরে ভ্যাট আদায়ের ল্যমাত্রা ছিল ৪০ হাজার ৯৬৬ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ খাত আয়কর আদায়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩০ কোটি টাকা। আদায় হয়েছে ১ হাজার ৮৩৭ কোটি টাকা। যা লক্ষমাত্রার তুলনায় ১৯৩ কোটি টাকা কম। চলতি অর্থবছরে আয়কর আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা। যা মোট আদায়ের ৩৫.৫ শতাংশ। বিগত ২০১২-১৩ অর্থবছরে এ খাতে আদায়ের ল্যমাত্রা ছিল ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। এছাড়া ভ্রমণ কর ও অন্যান খাত থেকে ৮৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৫ কোটি টাকা। এনবিআর মাসওয়ারী শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ করেনি। জুলাইয়ে এ খাতে আদায় হয়েছে ২ হাজার ৯১০ কোটি টাকা।