ভারতের কুসংস্কার-বিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্রকে হত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৪
ভারতের বিশিষ্ট যুক্তিবাদী চিন্তাবিদ ও কুসংস্কারবিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকারকে গত মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। অতীন্দ্রিয়বাদী ও গুরু প্রথার মত কুসংস্কার দূরীকরণে একটি আইন করার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। -খবর ডন অনলাইনের মহারাষ্ট্রের পুনের পশ্চিমাঞ্চলীয় শহরে সকালে মর্নিংওয়াক করার সময় একটি মোটর সাইকেলে করে আসা দু’জন বন্দুকধারী নরেন্দ্রকে গুলি করে। পুনের পুলিশ কমিশনার গুলাব্রাও পল বলেন, মঙ্গলবার সকালে নরেন্দ্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত চলছে। গোয়েন্দারা হত্যার মোটিভ খোঁজার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কাউকেই সন্দেহ করা হচ্ছে না। পেশায় চিকিত্সক নরেন্দ্র অনেকদিন ধরেই মানুষের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত চিন্তা-চেতনার ক্ষেত্র তৈরির জন্য কাজ করছিলেন। মহারাষ্ট্রের পার্লামেন্টে কালো জাদু ও কুসংস্কারবিরোধী একটি আইন পাস করার জন্য অনেকদিন ধরে চেষ্টা চালান তিনি।