সিরাজগঞ্জের সাবেক ডিসিসহ ২ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:০৪
রাষ্ট্রের অর্ধ কোটি টাকার ক্ষতির অভিযোগে সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম ও এনায়েতপুর হাটের ইজারাদার আবদুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমদ পাটোয়ারীর অনুসন্ধানী প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার অনুমোদন দেয়া হয়েছে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাট বাংলা সনের ১৪১৩, ১৪১৪ ও ১৪১৫ অর্থাত্ টানা তিন বছর ক্ষমতার অপব্যবহার করে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তার পছন্দের ইজারাদার আবদুল কুদ্দুসকে অবৈধ উপায়ে ৩২ লাখ ২১ হাজার টাকায় ইজারা দেন। প্রকৃতপক্ষে ওই হাটের ইজারা মূল্য হবে প্রায় ৭৬ লাখ টাকার বেশি। নিয়ম অনুযায়ী জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে হাট ইজারা দেয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা প্রশাসক ওই নিয়মনীতি লঙ্ঘন করে তার পছন্দের ইজারাদারকে কম মূল্যে তিন বছরের জন্য এই হাট ইজারা দেন। এতে রাষ্ট্রের অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।