সফররত চীনের নেভি হসপিটাল শিপ আর্ক পিস-এর কমান্ডার রিয়ার এডমিরাল শেন হাউ গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এর আগে রিয়ার এডমিরাল শেন হাউ স্পিকারকে হসপিটাল শিপ-এর কার্যক্রম সম্পর্কে অবহিত করে বাংলাদেশে অবস্থানকালে প্রদত্ত চিকিত্সা সেবার বর্ণনা দেন। তিনি স্পিকারকে হসপিটাল শিপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হতে পারে। সাক্ষাত্ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লী জুন এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আইএসপিআর জানায়, কমান্ডার রিয়ার এডমিরাল শেন হাউ একই দিন বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। চীনা হাসপাতাল জাহাজের বাংলাদেশে শুভেচ্ছা সফর ও বিশেষজ্ঞ চিকিত্সকদের দ্বারা এদেশের মানুষের বিনামূল্যে চিকিত্সার উদ্যোগের জন্য নৌপ্রধান মিশন কমান্ডার শেন হাউকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
