ভূঞাপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ডিগ্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মনিরা (১১)। সে উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাসেমের মেয়ে। বুধবার তার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজনও চলছিল পুরোদমে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ বিয়ে বন্ধ করে দেন। উপজেলা গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল কাসেমের ৫ শ্রেণীতে পড়ুয়া মেয়ে মনিরার সাথে একই ইউনিয়নের রুহুলীপাড়া গ্রামের মোস্তফার (২৫) সাথে বুধবার বিয়ের দিন ধার্য করেন উভয়পক্ষ। এরপর থেকে বিয়ের প্রস্তুতিও শুরু করে দেয় তারা। এর আগে বিয়ের কথা শুনে লেখাপড়া বন্ধ করে দেয় মনিরা। বিয়ের আগের দিন মঙ্গলবার বাল্যবিয়ের বিষয়ে অবগত হন উপজেলা প্রশাসন। রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়ের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘থানা পুলিশের সহযোগিতায় এ বিয়ে বন্ধ করা হয়েছে’।
