রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে আবারও একজন খুন হয়েছে। গ্রাম্য দলাদলি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ গ্রামে গত পাঁচ মাস যাবত্ সংঘর্ষ-পাল্টা সংঘর্ষ, খুন-পাল্টা খুন ও লুট পাল্টা লুটপাটের ঘটনা ঘটে আসছে। চলছে মামলা-পাল্টা মামলা। আর এরই জের ধরে গতকাল বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তোতা মাতুব্বরের ঘরে প্রবেশ করে তার বড় স্ত্রী তহুরুননেছাকে (৬৫) কুপিয়ে হত্যা করে পলিয়ে যায়।
চেয়ারম্যান আবুল হোসেন আকন সাগু জানায়, হাইকোর্ট থেকে হত্যা মামলার স্থগিত আদেশ হওয়ার খবর পেয়ে হারুন গ্রুপ উক্ত স্থগিত আদেশের উপর স্থগিত আদেশ চেয়ে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত মুন্সী গোষ্ঠীর লোকেরা (হারুন গ্রুপ) প্রথমে তহুরনের ছেলে শামিমকে মারধর করে এবং পরে বাড়ি-ঘরে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। এ হত্যাকাণ্ডের পর এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে। হারুনের ভাই মনি মাতুব্বর জানায়, পূর্বের দুটি হত্যাকাণ্ডের মামলা ধামাচাপা দিতে নিজেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। অন্যদিকে নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিশোধ নিতে বিপক্ষরাই বৃদ্ধা তহুরুনকে হত্যা করেছে। ওসি মোফাজ্জেল হোসেন জানায়, বৃদ্ধা তহুরুননেছা হত্যাকাণ্ডটি রহস্যাবৃত।
বেনাপোলে এক অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম নামক স্থান থেকে বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, সন্ত্রাসীরা গভীর রাতে ধারালো হাসুয়া দিয়ে একব্যক্তিকে জবাই করে হত্যা করে লাশ নামাজগ্রামের একটি বাগানে ফেলে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
