সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জাতীয় ফুটবল দল চূড়ান্ত করার আগে গতকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কোচ লোডভিক ডি ক্রুইফের দল। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ২-১ গোলে পরাজিত হয় প্রশিক্ষনরত জাতীয় ফুটবল দল। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন হাইতির সনি নর্দে এবং নতুন ট্রায়াল দিতে আসা নাইজেরিয়ান স্ট্রাইকার ওয়েসান। জাতীয় দলের একমাত্র গোলটি করেন মিঠুন চৌধুরী।
জাতীয় দল নেপালে যাবে ২৫ আগষ্ট। সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো পাকিস্তান, ভারত ও স্বাগতিক নেপাল।
বাংলাদেশ দল যখন নিজেদের মাঠে স্থানীয় ক্লাবের কাছে হারছে সেসময়ে একই গ্রুপের প্রতিদ্বন্দ্বী নেপাল গত রবিবার কুয়েতের ক্লাব আর আরাবি এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৮-২ গোলে জিতেছে। এর আগে গত শনিবার কুয়েতের অনুর্ধ্ব ২৫ দলকে সেখানকার আল কাজমা স্টেডিয়ামে ২-০ গোলে হারায়।
অপরদিকে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত বর্তমানে বাঙ্গালোরে সিনথেটিক ট্র্যাকে অনুশীলন করছে।
