আফগানিস্তানের কাছে ধরাশায়ী পাকিস্তান

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২৪
যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকা আফগানিস্তানের জাতীয় ফুটবল দল ১০ বছরের মধ্যে সেদেশে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে। নেপালে ৩১ আগস্ট শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রাক্কালে কাবুলের এএফএফ (আফগানিস্তান ফুটবল ফেডারেশন) স্টেডিয়ামে গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি দেখেন প্রায় ছয় হাজার দর্শক। খেলা শুরুর আগে দর্শকদের ভীড় সামলাতে বেগ পেতে হয় পুলিশদের। আফগান ফুটবলের বিচারে দর্শকদের এ সংখ্যা যথেষ্ঠ বলে বিবেচিত হচ্ছে। এ জয়ের পর দেশটিতে আনন্দের বান ডাকে। আফগানিস্তান দক্ষিণ এশিয় ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে পড়েছে যেখানে তাদের প্রতিপক্ষ হলো মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। অপরদিকে এ গ্রুপে পাকিস্তানের সাথে আছে ভারত, বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। পাকিস্তানের সাথে খেলাটির আগে তুর্কমেনিস্তানই হলো সর্বশেষ দল যারা আফগানিস্তান সফর করেছিল। ২০০৩ সালের ওই ম্যাচে সফরকারীরা জিতেছিল ২-০ গোলে। ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ১৩৯ তম স্থানে থাকা আফগানিস্তান চলতি বছর তিনটি ম্যাচ খেলে সবকটিতেই অপরাজিত থাকে। খেলাগুলোর মধ্যে দলটি শ্রীলংকা ও মঙ্গোলিয়াকে হারায় এবং লাওসের সাথে ড্র করে।