দারুণ কোন অর্জনের পর মুখে আনন্দের অভিব্যক্তি ফুটলেও সেরেনা উইলিয়ামস নিজেকে পুরোপুরি সন্তুষ্ট দাবি করেছেন, এমন উদাহরণ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই প্রাণান্ত চেষ্টা আর তীব্র ক্ষুধাই সেরেনাকে পরিণত করেছে সর্বকালের অন্যতম সফল টেনিস তারকায়। আর মাত্র ১৭ বছর বয়সে প্রথম ইউএস ওপেন শিরোপা জেতার ১৪ বছর পর টুর্নামেন্টের এবারের আসরেও এই দুই উপাদানকেই নিজের সেরা অস্ত্র মানছেন তিনি।
সেরেনা মহিলা টেনিসের সবচে বেশি বয়সী এক নম্বরের রেকর্ড গড়েছেন বেশ কয়েক মাস আগেই। তবে ৩২ ছুঁই ছুঁই বয়সেও র্যাকেটে মরচে ধরেনি মোটেই। বরং অতীতের যে কোন সময়ের চেয়ে এই সেরেনা অনেক বেশি আত্মবিশ্বাসী, বিধ্বংসী। র্যাঙ্কিংয়ে সেরা তিনে থাকা অন্য দুই খেলোয়াড়ের সাথেও তার পরিসংখ্যান দারুণ সমৃদ্ধ। দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে তার রেকর্ড ১২-৩। এই বেলারুশিয়ানকে হারিয়েই টুর্নামেন্টের গত আসরে শিরোপা জিতেছিলেন সেরেনা। অন্যদিকে তিন নম্বরে থাকা মারিয়া শারাপোভার বিরুদ্ধে ১৪ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র দুটি ম্যাচ।
তবে এসব তথ্যও সন্তুষ্ট করতে পারছে না সেরেনাকে। বরং উন্নতির আরো সুযোগ দেখছেন তিনি! উইলিয়ামস বোনদের ছোটটি বলেন, ‘অবশ্যই আমার উন্নতির আরো সুযোগ আছে। আসলে ব্যাপারটা এমন যে, আপনি কখনোই ভাবতে পারবেন না যে আমি খুব ভালো খেলেছি এবং এ মুহূর্তে আমি সন্তুষ্ট হতে পারি। আমি বরং ব্যাপারটা এমন ভাবতে পছন্দ করি যে, আমি ভালো খেলেছি কিন্তু নিজেকে আরো বেশি সমৃদ্ধ আমি কেন করবো না। আসলে ধারাবাহিকভাবে ভালো করতে পারাটাই মূল ব্যাপার। আর আমার মূল দৃষ্টি এদিকেই থাকে।
নিজের খেলোয়াড়ি দর্শনাটা ব্যাখ্যা দিতে গিয়ে সেরেনা আরো বলেন, আমি নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি, এরচে বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব ছিল না; আমি আসলে এ ধরনের মতবাদে বিশ্বাসী নই। কোর্টে বিশেষ করে গ্র্যান্ডস্ল্যামগুলোতে ভালো করতে আমি কঠোর পরিশ্রম করি। আর তাই জয় ছাড়া কোন কিছুই আমার চিন্তায় থাকে না। আমি এ রকমই।
বর্ণাঢ্য এক ক্যারিয়ারে ৬শ’র বেশি ম্যাচ আর ৫৪টি শিরোপা জেতা সেরেনার মাথায় নেই তাই অবসর ভাবনাও। আগামী ২০১৬ সালে রিও অলিম্পিকে তো বটেই; পারলে এরচে আরো দূরে যেতে চান বলে জানালেন তিনি। খেলাটির প্রতি অনিঃশ্বেষ ভালোবাসাই তাকে প্রতিনিয়ত পরিশ্রম করার শক্তি যোগায় জানিয়ে তিনি বলেন, ‘আমি সেদিন ভেনাসকে (উইলিয়ামসকে) বলছিলাম, আমি আসলে কখনোই থামবো না! আমি এ খেলাটিকে দারুণ ভালোবাসি এবং আমি প্রাকটিস করেই যাবো। আনন্দ দেয়ার জন্য এর কোন তুলনা নেই। আর সামনে আমি এমন কিছু পেতে চাই যা আমার এখনো পাওয়া হয়নি।’
বোঝাই যাচ্ছে সেরেনার প্রতিপক্ষদের জন্য কঠিন এক সময়ই অপেক্ষা করছে।
