সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের দ্বিতীয় বিয়ের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। গত বুধবার আকরাম নিজের মুখেই জানালেন অস্ট্রেলিয়ান বান্ধবী সানিয়েরা থম্পসনকে বিয়ে করার কথা।
নতুন জীবনে এরই মধ্যে বেশ মানিয়ে গেছেন জানিয়ে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘একটি অনাড়ম্বর অনুষ্ঠানে গত সপ্তাহে লাহোরে আমি সানিয়েরাকে বিয়ে করেছি এবং আমার নিজের, স্ত্রীর ও আমার সন্তানদের জন্য এটা নতুন জীবন শুরু।’ ২০০৯ সালে ৪৭ বছর বয়সী আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। সাবেক জনসংযোগ পরামর্শক ৩০ বছর বয়সী থম্পসনকে গত মাসে বিয়ের প্রস্তাব দেন আকরাম এবং ১২ আগষ্ট তারা বিয়ে করেন।
এ মাসের প্রথম দিকে পাকিস্তানে আসার পর আকরামের বৃদ্ধ পিতাকে দেখতে লাহোর যান থম্পসন। তাত্ক্ষণিকভাবে পরিবার ও গুটি কয়েক ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
আকরাম জানান, থম্পসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উর্দু ভাষা শিখছেন। আর আকরামের সন্তানদের সঙ্গেও থম্পসনের সম্পর্ক দারুণ, ‘সে (থম্পসন) ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের উর্দু ভাষা শিখছে। সে আমার দুই ছেলের সঙ্গে খুবই ঘনিষ্ট এবং তাদের মধ্যে খুবই চমত্কার একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে।’ নববধূ অতিদ্রুত পাকিস্তানে স্থায়ী হতে চেয়েছেন বলে জানান আকরাম। এই বোলিং কিংবদন্তি আরো বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, পাকিস্তানের জনগণ, আমার বন্ধু-বান্ধব এবং সমগ্র বিশ্বব্যাপি আমার সমর্থকরা আমাদের দোয়া করবেন।’ খেলোয়াড়ী জীবনে ১৯৮৪-২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪ টি টেস্ট ও ৩৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আকরাম। -বাসস
