আজ দেশ ছাড়ছে আইসিসি’র প্রতিনিধি দল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২৭
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন শেষে আজ বাংলাদেশ ছেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ প্রতিনিধিদল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এক সপ্তাহের ঢাকা সফরে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে এই দলটি বিশ্বকাপের সম্ভাব্য সব ভেন্যু পরিদর্শন করেন। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও বিকেএসপি পরিদর্শন দিয়ে শুরু হয় তাদের সফর। এরপর রবিবার সিলেট স্টেডিয়াম, সোমবার ফতুল্লা ও সর্বশেষ গত মঙ্গলবার চট্টগাম ও কক্সবাজারে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি পর্যবেক্ষণ করে তারা। প্রতিটি ভেন্যু দেখেই নিজেদের সন্তোষের কথা জানিয়েছেন তারা। এই নিয়ে তৃতীয়বারের মতো ভেন্যু পরিদর্শনে এলো আইসিসি প্রতিনিধি দল। এতে টেটলি ছাড়াও ছিলেন আইসিসি টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসি কনসালটেন্ট ভ্যান ভুরেন ইউজেন এবং আইসিসি পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনস। আজ ঢাকা ছেড়ে যাবার আগে সকালে বিসিবি সাথে সমন্বিত এক বৈঠকে বসবে আইসিসি’র প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, বিসিবিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ভেন্যু বুঝিয়ে দিতে হবে।