পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক তার দেশের ক্রিকেট কর্মকর্তাদের কাছে আইপিএল ধরনে টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা পুনরুজ্জীবনের দাবি জানিয়েছেন। তার মতে এটা ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দক্ষ করে গড়ে তুলবে।
মিসবাহ বলেন দেশে কিংবা নিরপেক্ষ ভেন্যুতে, যেখানেই হোক না কেন পাকিস্তানকে অবশ্যই টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে হবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে দেশে ফেরার পর পাকিস্তানের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক একথা বলেন।
তার আশঙ্কা, নিয়মিতভাবে আন্তর্জাতিক ক্রিকেটারদের মুখোমুখি হতে না পারাটা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে ধীরে-ধীরে ধার হারিয়ে ফেলছেন তারা। আর তাই দেশে অথবা কোন নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি লিগ আয়োজনের বিকল্প দেখছেন না তিনি।
তিনি বলেন ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে পিসিবি চেষ্টা করছে। তবে আমার মত হচ্ছে অন্ততপক্ষে একটি টি-টোয়েন্টি লিগ আয়োজন করা গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তানে সেটা সম্ভব না হয়, তবে সেটা দুবাইতে করা যেতে পারে।’
পাকিস্তানের খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পায় না। তার ওপর ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে আর সেদেশে কোন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে না।-বাসস/এএফপি
