অসহায় আত্মসমর্পণের পর আজ দ্বিতীয় ওয়ানডে খেলবে ‘এ’ দল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২৮
ইংল্যান্ড লায়ন্সের কাছে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ ‘এ’ দল। গত মঙ্গলবার ব্রিস্টলে ২০২ রানের বিশাল ব্যবধানে হারলো সফরকারীরা। টনটনে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ এ দল টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেও রানের বন্যা থামাতে পারেনি। যদিও শুরুটা ভাল ছিল তাদের। দুই ওপেনার মাইকেল কারবেরি (২০) ও জেমস ভিন্স (২০) ৫৯ রানের মধ্যে বিদায় নেন। এরপর ১১২ রানে তৃতীয় উইকেটেরও পতন ঘটে যখন ৪০ রান করে ফিরে যান জেমস টেলর। ২৯তম ওভারে এই উইকেটটি পতনের পরই জ্বলে উঠে লায়ন্সরা। বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করতে থাকেন দুই ব্যাটসম্যান লুক রাইট ও গ্যারি ব্যাল্যান্স। দুজন মিলে ১২১ বল খেলে গড়েন ২২৫ রানের অবিশ্বাস্য এক জুটি। ব্যাল্যান্স ৮৯ বলে ১১৫ রান করে আউট হয়ে যান। লুক রাইট ৬৮ বলে ১৪৩ রান করে অপরাজিত ছিলেন। ৫০ ওভার শেষে লায়ন্সের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৩৫৩ রান। পেসার আল আমিন ইসলাম নেন দু’টি উইকেট। বিশাল এই টার্গেটের তাড়ায় বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার এনামুল হক বিজয়। পরের চার ব্যাটসম্যান দেখে শুনে শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ৩৬ রান, মার্শাল আইয়ুব ২৮, শামসুর রহমান শুভ ১৯ ও মমিনুল হক ২৫ রান করে আউট হয়ে যান। লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের অবস্থা ছিল আরও খারাপ। মাত্র নয় রানের মধ্যে শেষ পাঁচটি উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত ৪৭ ওভারে অল আউট হওয়ার আগে মাত্র ১৫১ রান করতে পারে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিংয়ে অবিস্মরণীয় ইনিংসের পর বোলিংয়ের দুই উইকেট পান লুক রাইট। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিন তিনি।