সংস্কৃতি সংবাদ

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ১৯:৩১
শূন্য দশকের পাঁচ কবি : গ্রন্থ-আলোচনা ও কবিতাপাঠ ছোটকাগজ ‘খড়িমাটি’ আজ শুক্রবার, বিকেল ০৪:৩০-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে আয়োজন করতে যাচ্ছে শূন্য দশকের পাঁচ কবির কাব্যগ্রন্থের আলোচনা ও কবিতাপাঠ। অনুষ্ঠানে সোহেল হাসান গালিবের ‘রক্তমেমোরেন্ডাম’ নিয়ে চঞ্চল আশরাফ, কাজী নাসির মামুনের ‘অশ্রুপার্বণ’ নিয়ে সরকার মাসুদ, তুষার কবিরের ‘কুহক বেহালা’ নিয়ে শোয়াইব জিবরান, চন্দন চৌধুরীর ‘হাসির দেবতা’ নিয়ে জেনিস মাহমুন, ফেরদৌস মাহমুদের ‘ছাতিম গাছের গান’ নিয়ে কুমার চক্রবর্তী আলোচনা করবেন। বাংলাদেশি কবির বিরল সম্মান লাভ আশির দশকের অন্যতম কবি আমিনুর রহমান-এর স্প্যানিশ-ইংরেজি ভাষার কাব্যগ্রন্থ ‘পারপেচুয়াল ডায়েরি’/ ‘ডিয়ারিও পারপেটুও’ সম্প্রতি স্পেনের ‘ইথাকা’ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। এটি বাংলাদেশের কোনো কবির প্রথম স্প্যানিশ এবং ইংরেজি ভাষার কাব্যগ্রন্থ যা দেশের বাইরের কোনো প্রকাশনা সংস্থা থেকে বের হলো। বইটিতে কবি আমিনুর রহমান-এর মিশ্র মাধ্যমে করা চৌদ্দটি চিত্রকর্মও সন্নিবেশিত হয়েছে। বইটি প্রকাশনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এটি প্রকাশিত হয়েছে পৃথিবী বিখ্যাত ‘নবম ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যাল’, ২০১৩, গ্রানাডা নিকারাগুয়ায়। বইটির মোড়ক উন্মোচন করেন গ্রানাডা ফেস্টিভালের প্রেসিডেন্ট এবং নিকারাগুয়ার বিখ্যাত কবি ফ্রান্সিসকো দে আসিস। প্রকাশনা অনুষ্ঠানে আমিনুর রহমান এর কবিতার উপর স্প্যানিশ ভাষায় প্রবন্ধ উপস্থাপন করেন নিকারাগুয়ার বিখ্যাত কবি ও অধ্যাপক অ্যানাসথেসিও লোভো।