সমুদ্রের শূন্যে

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ১৯:৩২
আর আমাকেও ডাকে, যেন তার শরীর মাছের রূপ নিয়ে ফিরে ফিরে আসে সন্ধ্যার জেটিতে, যেন দূর আটলান্টিকের স্মৃতি ও হাঙরের দাঁত কিছু রুপার অক্ষরে ছাপা হয় তার নাভীতে, যেনবা আমিও ছিলাম সঙ্গী বিশ্বাস হারানো গতজন্মে। যেন আমাকে বলছো চড়ুই-চড়া দুপুরে আর আকাশ ছড়ানো নীলে একবার ডুব দিয়ে দেখি। হায় জানালার কাছে আমার যে ফুলকপি আর পাকা টমেটোর ক্ষেত সেখানে কৃষাণী হয়ে এলে মোরগ-মুরগির মতো ছেয়ে যাবে অযাচিত দিন। অথচ তোমাকে আমি বাঁধি সমুদ্রের শূন্যে। নুনে।