ভালোবাসার ছাই ভস্ম

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ১৯:৩৩
হঠাত্ আমার এক বন্ধু, যাকে বন্ধুই জেনেছি এতকাল, এতো এতো গালি দিয়ে টেলিফোন রেখে দিল। আগে পিছে কিছু না ভেবেই আমি নিজেকে গুটিয়ে নিই... ভরা শ্রাবণেও বৃষ্টি আর পড়ে না ফায়ার ইঞ্জিনগুলোর ব্যস্ত ছোটাছুটি শহরের পূর্ব থেকে পশ্চিমে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন সিগারেট খায় আর দেখে প্রতিবেশীর পুড়ে যাওয়া ঘর; মানুষে মানুষে সম্পর্ক নষ্টের এটা কোনো যুত্সই সময় নয়। ভেবে দেখলাম, আমি ভুল মেয়েকে ভালোবেসে ভুল জায়গায় ভুল সময়ে এসেছি; কিন্তু কেউ যদি বলে এটা আমি অন্যভাবেও করতে পারতাম, আমার কি কিছু আসে যায়? যদিও আবার ফিরে এসেছি এখানে যেন কোথাও আমার যাওয়ার জায়গা নেই যেন আমার সমস্ত ভালোবাসা লোহা লক্করের স্তূপে চাপা পড়ে আছে। আর আমি, ঘন ধোঁয়া আর পোড়া গন্ধ ঠেলে মই বেয়ে আমারই ভালোবাসার ছাই ভস্ম খুঁজি... যেন ওগুলো আমার একমাত্র বাঁচার সম্বল।