ইচ্ছে করছে ভ্রমণ-সঙ্গী,
ইচ্ছে-মেঘ জমকালো;
ইচ্ছে আমার মনভোলা,
ইচ্ছে সাত-রঙ্গী।
হয়তো যাচ্ছি ট্রেনে,
কাচে দেখছি ছায়া,
অনিচ্ছাটা বেহায়া
পর্দা দিচ্ছি টেনে।
সকাল নতুন, বিকেলতর;
সতরঞ্চি সবুজ ক্ষেত,
সারসের স্তব্ধ শ্বেত,
বর্ষা-নদী ভরো ভরো।
ইচ্ছে বলে বাসা বাধ্
ইচ্ছে বলে নোঙর ফেল,
ইচ্ছে বলে ডানা মেল
অনিচ্ছাটা পাতছে ফাঁদ।
ইচ্ছে দ্যাখে ভোরের স্বপ্ন,
অনিচ্ছে বাজায় অ্যালার্ম,
ইচ্ছে খোলে অজানা খাম,
ইচ্ছে বিচিত্রবর্ণ।
