অবশেষে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডকে পুঁজিবাজার থেকে টাকা তোলার সুযোগ করে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসি’র ৪৮৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে এ কোম্পানিকে পুঁজিবাজার থেকে টাকা তোলার অনুমোদন দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের গুঞ্জন দেখা গেছে।
কমিশন সভার সিদ্ধান্ত সম্বলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডকে বিগত ৪৬০তম কমিশন সভায় প্রাথমিক গণপ্রস্তাবের অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে ৪৬৮তম কমিশন সভায় উক্ত কোম্পানির প্রাথমিক চাঁদা গ্রহণের তারিখ স্থগিত করা হয়। চাঁদা স্থগিত করার পর কোম্পানি শেয়ারহোল্ডারদের অভিযোগ নিষ্পত্তির জন্য আদালতের আদেশ অনুযায়ী পরিচালকদের কিছু সংখ্যক শেয়ার অভিযোগকারী শেয়ারহোল্ডারদের অনুকূলে হস্তান্তর করেছে। এছাড়াও কোম্পানির কর সংক্রান্ত বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে কোম্পানির সকল পরিচালকদের ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে যা সংশোধিত প্রসপেক্টাসে অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয়ে কোম্পানি কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে। সার্বিক বিবেচনায় কমিশন সভায় এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১০ টাকা মূল্যমানের ১০ কোটি সাধারণ শেয়ার প্রতিটি ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকায় ইস্যু করার সুযোগ দেয়া হয়।
