ভেজাল বিরোধী অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:২০
মাছ সংরক্ষণের জন্য ব্যবহূত বরফ দিয়ে ফালুদা তৈরি হচ্ছে দেদার। আর তাই সাজিয়ে বিক্রি করছে অনেক প্রতিষ্ঠান। বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে এ ধরনের একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদা আফসারীর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট মতিঝিল এলাকায় ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় মাছ সংরক্ষণের বরফ ব্যবহার করে ফালুদা তৈরি, লাইসেন্স ছাড়া দধি উত্পাদন এবং অত্যন্ত নিম্নমানের পরিবেশে খাদ্য উত্পাদন ও সংরক্ষণ করায় দিল্লী মুসলিম হোটেলের ম্যানেজার মাহবুব হোসেন, চন্দ্রপুরী হোটেলের ম্যানেজার রহমত আলী ও ঘরোয়া হোটেলের ম্যানেজার দেলোয়ার হোসেনকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি সংরক্ষিত অনুপযোগী খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া বিস্কুট, কেক ও দই উত্পাদনের জন্য কোয়ালিটি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগের নেতৃত্বে অপর একটি মোবাইল কোর্ট লালবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় সাদিয়া হারবাল নামক একটি প্রতিষ্ঠানকে স্কিন ক্রিম তৈরির জন্য দেড় লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়। এছাড়া খোলা ও নোংরা পরিবেশে খাদ্য উত্পাদনের জন্য বিউটি, আল আমীন এবং লাভলী হোটেলকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।