মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি’র কর্মচারী নিহত এবং তুরাগ বেড়িবাঁধ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মহাখালীতে চালককে গুলি করে মোটরসাইকেল এবং কামরাঙ্গীরচরে পলিথিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
মহাখালীতে রাস্তা পার হতে গিয়ে বৃহস্পতিবার বাসের ধাক্কায় বিআরটিসি’র কর্মচারী আশরাফ আলী নিহত হয়েছেন। বরিশালের কতোয়ালী থানার সিংহের কাঠি গ্রামে তার বাড়ি।
এদিকে তুরাগের আব্দুল্লাহপুর বেড়িবাঁধ থেকে বৃহস্পতিবার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তুরাগ থানার এক এসআই জানান, ঐ ব্যক্তির পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও খয়েরি রঙের প্যান্ট। ধারণা করা হচ্ছে, কোন গাড়িতে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে দেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন মোটরসাইকেল চালক আবদুর রউফের বড় ভাই সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রউফ মোটরসাইকেলে মহাখালী উড়াল সড়কে ওঠার সময় সাদা রঙের একটি প্রাইভেট কার তার গতি রোধ করে। এসময় গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে রউফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় রউফ বাধা দিলে তারা ধারলো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয়। পরে ঐ তিন ছিনতাইকারীর মধ্যে একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
