রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর দুই টন পলিথিন উদ্ধার করেছে। এ সময় পলিথিন বিক্রির দায়ে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই অভিযানের নেতৃত্ব দেন। লালবাগ থানাধীন ৫২/২, আব্দুল আজিজ লেনে অবস্থিত মো. আবু মঈন ওরফে মুহিন-এর বাড়িতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির সম্পদ প্লাস্টিক নামক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত কারখানা থেকে প্রায় ২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয় এবং পলিথিন তৈরি করার চারটি মেশিন জব্দ করা হয়। এনফোর্সমেন্ট অভিযান টের পেয়ে মালিক পালিয়ে যায় এবং কারখানায় কর্মরত অবস্থায় ২ জন কর্মচারীকে আটক করা হয়।
লালবাগ থানার পুলিশ, র্যাব-১০, রিজার্ভ পুলিশ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। কারখানাটি সিলগালা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর ইত্তেফাককে জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে। তবে এজন্য তিনি সবাইকে এর বিরুদ্ধে সচেতন থাকতে এবং পলিথিন ব্যাগ ব্যবহার না করার জন্য আহ্বান জানান।
