গণতান্ত্রিক বামমোর্চার নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষুম ও অবাধ নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইসব কথা বলেন। তারা বলেন, নির্বাচন কমিশনের সামপ্রতিক তত্পরতাকে চরম অগণতান্ত্রিক, অদূরদর্শী, আত্মঘাতী ও সরকারি দলকে বাড়তি সুবিধা দেবার লক্ষ্যেই পরিচালিত। এই ধরনের আত্মবিনাশী ও বিতর্কিত তত্পরতা অব্যাহত থাকলে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনআস্থা বলে কিছু থাকবে না এবং তাদের পক্ষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করা সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উপস্থিত ছিলেন মবিনুল হায়দার চৌধুরী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জোনায়েদ সাকি, হামিদুল হক, মহিনউদ্দিন চৌধুরী লিটন, এড. আব্দুস সালাম, বহ্নিশিখা জামালী প্রমুখ।
