মেসির ইনজুরির দিনে বার্সাকে বাঁচালেন নেইমার

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২১:৪৯
লিওনেল মেসির ইনজুরির দিনে ক্লাবের হয়ে নেইমারের প্রথম গোলে সমতা নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে লা লিগা চ্যাম্পিয়নরা গতকাল ড্র করেছে ১-১ গোলে। অন্যদিকে এ মৌসুমেই কাতালানদের ছেড়ে অ্যাতলেটিকোতে যোগ দেয়া ডেভিড ভিয়ার পা থেকে এসেছে ম্যাচের অন্য গোলটি। মৌসুমের শুরুতে সান্তোস থেকে প্রায় পাঁচ কোটি পাউন্ডে নেইমার বার্সেলোনায় যোগ দেয়ার পরেই মেসি-নেইমারকে একই জার্সি গায়ে দেখার স্বপ্নে রোমাঞ্চিত হয়েছিলেন ফুটবল ভক্তরা। আবার ক্রীড়া জগতের অন্যতম বড় দুই সুপারস্টারের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্বও আসন্ন দেখছিলেন কেউ কেউ। তবে এখন পর্যন্ত তেমন কিছুর দেখা তো মিললোই না বরং মেসির ইনজুরির দিনে দলের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন নেইমার। নতুন ক্লাবের হয়ে তার প্রথম গোলেই শেষ পর্যন্ত ভিসেন্তে ক্যালদেরনে স্বাগতিকদের সঙ্গে সমতা নিয়ে মাঠ ছাড়তে পারলো বার্সেলোনা। বদলী খেলোয়াড় হিসেবে এই ব্রাজিলিয়ান যখন মাঠে নামেন ম্যাচের বয়স তখন ৫৯ মিনিট, বার্সেলোনা পিছিয়ে আছে ১-০ গোলে। এর সাত মিনিট পরেই এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। স্বদেশী দানিয়েল আলভেজের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান নেইমার। তবে এখনই পুরো ম্যাচ খেলিয়ে নেইমারকে চাপে ফেলতে চান না বলে জানালেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর অ্যান্দোনি জুইবিজারেতা, ‘তার প্রথম গোলটি হেড থেকে এসেছে দেখে আমরা বিস্মিতই হয়েছি। সন্দেহ নেই নেইমার দুর্দান্ত একজন খেলোয়াড় তবে তাকে (নতুন পরিবেশের সঙ্গে) মানিয়ে নিতে সুযোগ দেয়া হবে।’ এদিকে মেসির ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিছু বলতে রাজি হয়নি বার্সা কর্তৃপক্ষ। একটি মেডিক্যাল বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বা উরুর পেছনে ছোট আঘাত পাওয়ায় মেসি ব্যথা অনুভব করছিল। সতর্কতার জন্যই মূলত তাকে তুলে নেয়া হয়েছে।’ তবে গতকালই মেসির আরো পরীক্ষা-নিরীক্ষার বিষয়টিও ক্লাব নিশ্চিত করেছে। মেসি কিংবা নেইমার নয়, ম্যাচের আগে সবচেয়ে বেশী আলোচনা হচ্ছিল যাকে নিয়ে, এই ম্যাচে গোল পেয়েছেন সেই ভিয়াও। ভ্যালেন্সিয়া থেকে ২০১০ সালে কাতালানদের সাথে যোগ দেয়ার পর সেখানে কাটিয়েছেন প্রায় তিনটি বছর। র্যাদামেল ফ্যালকাওয়ের শূন্যস্থান পূরণে এ মৌসুমেই তাকে দলে ভেড়ানো অ্যাতলোটিকোর হয়ে এ ম্যাচেই প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাবের বিরুদ্ধে মাঠে নামেন ভিয়া। আর নিজেকে প্রমাণ করতে সময় নেননি মোটেই। ম্যাচের ১২ মিনিটে তার দেয়া গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। আগামী বুধবার দ্বিতীয় লেগে নূ ক্যাম্পে ম্যাচের দ্বিতীয় লেগে মাঠে নামবে দু’দল।