শ্রীলঙ্কা সফরে দলে থাকার পরেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে যেতে পারেননি দলের সাথে। আর জিম্বাবুয়ে সফরে সুযোগ পাওয়ার পর একটা টেস্ট খেলার পর আবার বাদ পড়লেন। তবে, আসন্ন নিউজিল্যান্ড সফরে সুযোগ পেলে দলে জায়গা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবেন এনামুল হক জুনিয়র।
প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। ইংল্যান্ড মাইনর কাউন্ট্রি লিগে ব্যস্ত থাকায় ক্যাম্পে ছিলেন না তিনি। ঈদের ছুটির পর এই প্রথম দীর্ঘ এই ক্যাম্পে দেখা গেল তাকে। গতকাল গণমাধ্যমের সাথে কথা বলতে এসে জানিয়ে দিলেন নিজের লক্ষ্যের কথা, ‘ আশা করছি দলে সুযোগ পাবো। আর এবার হোম সিরিজে দলে সুযোগ পেলে জায়গা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবো। গত দু’বছর আমি যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। আশা করছি এটা ধরে রাখতে পারবো।’
ইংল্যান্ড কন্ডিশনে খেলে আসাটাকে অবশ্যই নিজের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এনামুল। তিনি বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেয়াটা সব সময়ই কঠিন। যদিও আমাদের থেকে তাদের কন্ডিশনের অনেক পার্থক্য। তবুও আশা করছি সেখানে খেলে আসাটা আমার জন্য বেশ সহায়ক বলে প্রমাণিত হবে।’
এই ইংল্যান্ড কন্ডিশনেই বাংলাদেশ ‘এ’ দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে সেখানকার কাউন্ট্রি দলগুলো। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনটা অন্যরকম। সেখানে মানিয়ে নেয়া সহজ নয়। আর ওরা সব সময় ওই কন্ডিশনেই খেলে। তাই তাদের জন্য খেলা যতোটা সহজ আমাদের কাছে ততোটা নয়। এই কন্ডিশনের কারণেই আমাদের দলের খেলতে সমস্যা হয়েছে বলে আমি মনে করছি।’
