এসিসি ইমার্জিং টিম কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল বৃহস্পতিবার আরব আমিরাতের কাছে ৫৯ রানে হেরেছে তারা। দিনের অন্য ম্যাচেও ঘটেছে অঘটন। ভারতকে ২৮ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব ২৩ দল।
পেদাংয়ে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল হাসান। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান শাইমান আনোয়ারের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২০২ রান করে আমিরাত। জবাবে খেলতে নেমে মইশুকুর ও সৌম্য সরকারের দৃঢ়তায় এক পর্যায়ে তিন উইকেটে ১৩৩ রানে পৌঁছে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ১০ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারায় তারা।
ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করেন মইশুকুর। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
আরব আমিরাত: ৫০ ওভারে ২০২/৮ ( আমজাদ ১৩, শাইমান ১০০, পাতিল ১৮, রাজা ২৪, নাসির ১৭* ; নুর ৩/৩১, আসিফ ২/১৯)।
বাংলাদেশ: ৪১ ওভারে ১৪৩ (সৌম্য ৩০, রনি ২১, মাইশুকুর ৩৪, মিথুন ১৫, আসিফ ১৮; নাসির ৫/১৭, আহমেদ ৩/২২, নাভিদ ১/১৮)।
ফলাফল : সংযুক্ত আরব আমিরাত ৫৯ রানে জয়ী।
