‘কিছুদিন আগে এক আড্ডায় আসাদ ভাই, আর আমরা ক’জন আড্ডা দিচ্ছিলাম। একজন এসে বললেন, ‘আপনাদের টিভি পর্দায় এত কম দেখা যায় কেন? আসাদ ভাই খুব সুন্দর একটি উত্তর দিলেন, ‘মাসের প্রতিটা দিনই কাজ করি, তাহলে এই সব কাজগুলো কোথায় যায়!’ টিভি নাটকের বর্তমান চিত্র জানাতেই বিস্ময়ভরা এই অভিব্যক্তিই জানালেন দেশের ছোট পর্দার গুণী অভিনেত্রী তমালিকা কর্মকার। তার কথায় অধিকাংশ দর্শকেরা এখন শুধু প্রমো দেখে নাটক দেখে না। আর দেখবেই বা কী করে। বিজ্ঞাপনের যে যন্ত্রণা তাতে কোনো সুস্থ মানুষ এত ধৈর্য নিয়ে নাটক দেখতে পারে না। গেল ঈদে আমেরিকা থেকে বিশেষ সম্মাননা নেওয়ার জন্য সেখানে যান। এ ছাড়া একরকম ইচ্ছে করেই ঈদের নাটকগুলো এড়িয়ে চলেন তমালিকা। তার কথায়, এখন বেছে বেছে কাজ করতে চাই। ওই গতানুগতিক কাজ তো করতেই পারি প্রতিদিন। কিন্তু এসব কাজ দর্শকরাও যেমন দেখেন না আবার দেখলেও তাদের মনে আঁচড় কাটতে পারে না। তবে এবারের ঈদে নির্মাতা চয়নিকা চৌধুরীর বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন তিনি। এ ছাড়া ঈদের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনাও করবেন তিনি। কাজ করছেন আরও কয়েকজন তরুণ নির্মাতার। এত কাজের ব্যস্ততায় নিজের বিশ্রামের কোনো ফুরসত মেলেনা তার। কারণ এরই ভেতরে তিনটি বড় ধারাবাহিকে কাজ করছেন তিনি।
চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে তমালিকা বলেন, ‘কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি। একই সাথে সফলও হয়েছি। তাই এখন হয়তো একটি ভালো গল্প হলে ক্ল্যাসিক একটি ছবি করতে চাই। হয়তো এটিই হবে আমার অভিনীত শেষ কোনো চলচ্চিত্র।
