প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে অনন্ত জলিল

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২০:৫২
এবারে গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যম্বাসেডর হলেন চিত্রনায়ক-প্রযোজক অনন্ত। গত ২২ আগস্ট এক আনুষ্ঠানিকতার মাধ্যমে অনন্ত দুই বছরের জন্য এই চুক্তিতে স্বাক্ষর করেন। আগামীকাল থেকে টানা ৩ দিন শুটিং হবে এই মুঠোফোনের নতুন টিভিসির। জিরো জিরো সেভেন স্টাইলে পুরো অ্যাকশন থিমে এই বিজ্ঞাপনটি নির্মান করছেন মেজবাউর রহমান সুমন। গ্রে’র তত্ত্বাবধানে এই শুটিং এবং বিজ্ঞাপনটি নির্মিত হতে যাচ্ছে। অ্যাকশন হিরো হিসেবে খ্যাত সময়ের জনপ্রিয় তারকা অনন্ত জলিলের এই প্রথম বিজ্ঞাপনটিও তৈরি হচ্ছে অ্যাকশন ধাঁচের। অনন্ত জলিলের প্রথম টিভিসি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে গত ২ বছর একাধিক কোম্পানি তাদের বিজ্ঞাপনে মডেল এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার অফার করেছে। কিন্তু আমি রাজি হইনি। কারণ অযথা নাচানাচি মার্কা বিজ্ঞাপনে আমি বিশ্বাসী নই। তাই গ্রামীণফোনের এই বিজ্ঞাপনের টোটাল থিমের সাথে আমার ভাবনাগুলোও দারুণ মিলে যাওয়ায় এই কাজটি করছি। আশা করছি দর্শকেরাও খুব এনজয় করবেন আমার এই নতুন কাজটি।’ উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পায় অনন্ত জলিল পরিচালিত ও অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। চলচ্চিত্রটি ঈদে সবচেয়ে সফলতার সাথে বক্সঅফিস হিট করে। এ ছাড়া একটানা কাজ চলছে অনন্ত পরিচালিত তার সিকুয়্যেল চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’। ঈদের ছবির সাফল্য প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার চলচ্চিত্রের কোয়ালিটি থেকেই আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, এটি দর্শকেরা গ্রহণ করবে। তবে একটি শীর্ষ দৈনিক আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। এ বিষয়ে আমি খুব শিগগিরই ব্যবস্থা নেব। কারণ তারা একটি চলচ্চিত্র রিভিউ লিখতে গিয়ে আমার ব্যক্তিজীবনকে আঘাত করে কথা লিখেছে। যা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। আমার ভক্তরাও তাই তাদেরকে বয়কট করবে।’